বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এতে রাজনীতি ঠিক নয়: অগ্নিমিত্রা

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এতে রাজনীতি ঠিক নয়: অগ্নিমিত্রা
কলকাতা: ধর্মগুরু বাগেশ্বর বাবা সম্প্রতি বাংলায় এসে দুর্গাপুজোতে আমিষ খাওয়া নিয়ে মন্তব্যের জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ এতে রাজনীতির রং লাগাচ্ছেন বলে অভিযোগ বিজেপির। দুর্গাপুজোর সময় আমিষ ত্যাগেরও নিদানও দিয়েছেন বাবা বাগেশ্বর। যা ঘিরে পুজোর মুখে দানা বেধেছে বিতর্ক। আর এই বিতর্কে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য আগেই স্পষ্ট ভাবে জানিয়েছেন, বাঙালি নিজেই ঠিক করবে সে কী খাবে আর কী খাবে না। এবার একই ইস্যুতে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কিছু নেই। তিনি বলেন, ‘নবরাত্রির সময় ভারতের অন্যান্য রাজ্যগুলির লোকজন ভেজ খাবারই খান। কিন্তু ওঁরা জানে না গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। এই সময় এখানকার সকলে ইলিশ, মাটন, চিংড়ি খায়। এটা উনি জানেন না। এটা নিয়ে আমাদের রাজ্যসভাপতি আগেই বলেছেন। বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কী আছে?' এছাড়াও একই ইস্যুতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট বলেছেন, 'আমি তো মাছ ছাড়া কিছু খাই না। সেটা বড় কথা নয়। যে যা চাইবে তাইই খাবে। এনিয়ে বিতর্কের জায়গা নেই। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময় পাঁঠা বলি হয়। পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়। মা কালী থেকে শুরু করে যে কোনও দেবীকে বলি উৎসর্গ করা হয়। ফলে পুজোর পর পাঁঠার মাংস খাওয়া নিয়ে কোনও বিতর্ক থাকতে পারে না। কোনও কোনও সাধুসন্ত বলেন, নিরামিষ খাওয়া ভালো, কিন্তু বাধ্যবাধকতা নেই।'