শিখা ইনের আগুনের জের, ৯১৯ হোটেল-গেস্ট হাউস বন্ধের নোটিস!
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 8, 2026
2 min read
বর্ণালি সাহা, কলকাতা: শিখা ইনের আগুনের জেরে ৯১৯ হোটেল-গেস্ট হাউস বন্ধের নোটিস পুরসভার। ফায়ার সেফটি পরীক্ষায় পাশ মাত্র ৪১, পুজোর মুখে কড়া রাজ্য প্রশাসন।
শিখা ইনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতার হোটেল ও গেস্ট হাউসগুলির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ প্রশাসনের। অগ্নি-নিরাপত্তা বিধি না মানায় ৯১৯টি হোটেল ও গেস্ট হাউসকে বন্ধের নোটিস দিল কলকাতা পুরসভা। এখনও পর্যন্ত ৯৬০টি হোটেল-গেস্ট হাউস পরিদর্শন করে মাত্র ৪১টিকে নির্ধারিত নিরাপত্তা মানদণ্ডে উত্তীর্ণ পাওয়া গিয়েছে।
শহরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩,৭০০টি হোটেল ও গেস্ট হাউস রয়েছে। তার মধ্যে প্রথম দফায় ৯৬০টি প্রতিষ্ঠানে পুরসভা, দমকল-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা পরিদর্শন করেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বেরোনোর পথ, বৈদ্যুতিক সংযোগ এবং ভবনের নিরাপত্তা-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। পরীক্ষায় বিপুল সংখ্যক প্রতিষ্ঠানে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি ধরা পড়ে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, নোটিস পাওয়া প্রতিষ্ঠানগুলি প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে ফায়ার সেফটি সংক্রান্ত অনুমোদন নবীকরণ করলে ফের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ, নিয়ম মেনে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুললে পুনরায় ব্যবসা চালুর সুযোগ থাকছে। তবে আবাসিক বাড়িকে বেআইনি ভাবে ঘর ভাগ করে গেস্ট হাউসে পরিণত করা হয়েছে, এমন ক্ষেত্রে প্রশাসনের অবস্থান আরও কঠোর।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের শিখা ইনে ভয়াবহ আগুনে ন’জনের মৃত্যু হয়। ওই ঘটনার পরই শহরের হোটেল ও গেস্ট হাউসগুলিতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক অভিযান শুরু হয়। পুজোর মুখে সেই অভিযানের ফলেই সামনে এল এই বিপুল সংখ্যক অনিয়মের ছবি।
