পুজোর আগেই বড় রাজ্যের ঘোষণা, চা-শ্রমিকদের ২০ শতাংশ বোনাস
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 8, 2026
2 min read
শিলিগুড়ি: দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গের চা-শ্রমিকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। পাহাড়, তরাই ও ডুয়ার্সের চা-বাগানের শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজো বোনাস দেওয়ার জন্য শ্রম দফতরের তরফে অ্যাডভাইজ়ারি জারি করা হয়েছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
রাজ্যের শ্রম দফতরের উত্তরবঙ্গ জোনের অতিরিক্ত শ্রম কমিশনার অমল মজুমদারের সই করা ওই নির্দেশিকায় ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, উত্তরবঙ্গের প্রায় ২৭৫টি চা-বাগানে তিন লক্ষেরও বেশি শ্রমিক রয়েছেন। ফলে সরকারের এই সিদ্ধান্তে বিপুল সংখ্যক শ্রমিক উপকৃত হবেন।
উল্লেখযোগ্য ভাবে, বোনাস নিয়ে শ্রমিক ও চা-বাগান মালিকদের দ্বিপাক্ষিক বৈঠকের আগেই এই অ্যাডভাইজ়ারি জারি করল রাজ্য। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর বোনাস নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই সরকারের ২০ শতাংশ বোনাসের বার্তা কার্যত শ্রমিকদের দাবিকেই মান্যতা দিল বলে মনে করা হচ্ছে।
তবে কয়েকটি চা-বাগানে গত বছরের বোনাসের কিস্তি এখনও বকেয়া রয়েছে বলে অভিযোগ। ফলে চলতি বছরের বোনাস নির্ধারিত সময়ের মধ্যে কী ভাবে দেওয়া হবে, তা নিয়ে নজর রয়েছে শ্রমিক মহলের।
পুজোর মুখে রাজ্যের এই ঘোষণায় উত্তরবঙ্গের চা-বলয়ে স্বস্তির হাওয়া। শ্রমিক সংগঠনগুলির দাবি, দীর্ঘদিন ধরে কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করা চা-শ্রমিকদের উৎসবের আগে এই বোনাস তাঁদের পরিবারগুলির আর্থিক চাপ অনেকটাই কমাবে।
