মাওবাদ দমনের পর নেশামুক্ত ভারত গড়ার ডাক শাহের
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 7, 2026
2 min read
নিউজ ডেস্ক: মাওবাদী সন্ত্রাস দমনের পর এবার দেশের মাদক-নেশার বিরুদ্ধে ‘চূড়ান্ত লড়াই’-এর ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৯ সালের মধ্যে ভারতকে নেশামুক্ত করার লক্ষ্যে তিন বছরের একটি রোডম্যাপ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। মাদক পাচার ও কারবারকে দেশের অন্যতম বড় অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে কঠোর পদক্ষেপের বার্তাও দিয়েছেন তিনি।
রবিবার গোয়ায় এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, 'মাওবাদী হিংসার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর এখন মাদক-নেশার বিরুদ্ধে লড়াই দেশের অন্যতম প্রধান জাতীয় অগ্রাধিকার। মাওবাদকে দমন করা সম্ভব হলে মাদক কারবারের নেটওয়ার্কও ভেঙে দেওয়া সম্ভব।'
তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুলাই পর্যন্ত সময়কে সামনে রেখে তৈরি হয়েছে এই বিশেষ পরিকল্পনা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিকল্পনায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান, সীমান্তে নজরদারি বৃদ্ধি, উন্নত প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্যের আদানপ্রদান এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন ও জনসচেতনতা বৃদ্ধির দিকটিও গুরুত্ব পাবে বলে জানা গিয়েছে।
শাহের দাবি, সাম্প্রতিক বছরগুলিতে মাদক উদ্ধারের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। তাঁর মতে, শুধু মাদক আটক করলেই হবে না, উৎপাদন থেকে পাচার এবং আর্থিক লেনদেনের পুরো চক্রটিকেই ভেঙে দিতে হবে। সেই লক্ষ্যেই বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে।
অমিত শাহের এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের মাদকবিরোধী অভিযানে নতুন গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাচার রুখতে নজরদারি আরও জোরদার করার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে নেশার কবল থেকে দূরে রাখতে সচেতনতা ও পুনর্বাসন কর্মসূচিকেও সমান গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্র।
