বাস কন্ডাক্টরদের ব্যবহার করতে হবে 'বডি ক্যাম, মহিলা যাত্রীদের সুরক্ষায় পদক্ষেপ সরকারের
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 5, 2026
2 min read
নিউজ ডেস্ক: নির্বাচনী ইস্তেহরে বিজেপির মূল প্রতিশ্রুতি ছিল নারী সুরক্ষা ও কল্যাণ। রাজ্যে পালা বদলের পর ইতিমধ্যেই মহিলা যাত্রীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এবার বাসে মহিলা যাত্রীদের নিরাপত্তাকে আরও সুরক্ষিত করতে বাস কন্ডাক্টরদের বডি ক্যাম ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে বঙ্গের পরিবহণ দফতর।
পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং জানান, এবার থেকে সরকারি বাসের কন্ডাক্টরদের ব্যবহার করতে হবে বডি ক্যামেরা। একাধিক মহিলাদের সঙ্গে কন্ডাক্টারদের খারাপ ব্যবহারের অভিযোগ সামনে আসছে৷ আবার কখনও দেখা যাচ্ছে যে মহিলা যাত্রীরা হাত দেখালেও স্টপেজে থামছে না সরকারি বাস। এই অভিযোগগুলির সত্যতা কতটা, তা খতিয়ে দেখবে রাজ্যে সরকার৷ প্রয়োজনে সংশ্লিষ্ট কন্ডাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ খুব শীঘ্রই কন্ডাক্টরদের বডি ক্যামেরা দেওয়া হবে৷ কর্মরতো অবস্থায় সেই ক্যামেরা ব্যবহার করতে হবে কন্ডাক্টরদের৷ এই ক্যামেরাতেই পুরো ঘটনা রেকর্ড হবে৷ এছাড়াও মন্ত্রী জানান, পরিবহণ ভবনের কন্ট্রোল রুম থেকে সব নজরে রাখা হবে৷ ফলে কোনও যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করলে কিংবা বাস স্টপেজে না দাঁড়ালে বিষয়টি সঙ্গে সঙ্গে নজরে চলে আসবে পরিবহণ দফতরের৷ ইতিমধ্যেই কন্ট্রোল রুম করা হয়েছে, পরিবহণ ভবনের চারতলায়৷ সেখান থেকেই সরকারি বাসের গতিবিধি নজর রাখা হবে।
মহিলারা যাতে অভিযোগ জানাতে পারেন, তার জন্য টোল ফ্রি নম্বরও চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।
