মহালয়ায় ইডেনে উমা আগমনী, আসতে পারেন প্রধানমন্ত্রী
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 2, 2026
2 min read
বর্ণালী সাহা, কলকাতা:
পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আবহে মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানের জোর প্রস্তুতি প্রশাসনের।
মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে হতে চলেছে বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উমা আগমনী’। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত এই মেগা শোয়ে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও প্রধানমন্ত্রীর আসা এখনও চূড়ান্ত নয়। সূত্রের খবর, তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে।
১০ অক্টোবর মহালয়া। দুর্গাপুজোর সূচনাকে সামনে রেখে ইডেনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাংলার দুর্গাপুজো, লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে আগমনী গান, ঢাক, ধুনুচি নাচ, ছৌ-সহ বাংলার বিভিন্ন লোকশিল্পের পরিবেশনা থাকার কথা।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইডেনের মতো ঐতিহাসিক মঞ্চে মহালয়ার এই অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক স্তরে তৎপরতাও বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের এই অনুষ্ঠানে সামিল করার পরিকল্পনা রয়েছে।
দুর্গাপুজোকে ঘিরে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশের সামনে তুলে ধরার পাশাপাশি পর্যটনকেও আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্য রয়েছে এই আয়োজন। ফলে মহালয়ার দিন ইডেনের মঞ্চে ‘উমা আগমনী’ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রত্যাশা।
প্রধানমন্ত্রী মোদি শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হলে রাজনৈতিক ও সাংস্কৃতিক দুই দিক থেকেই এই আয়োজন বাড়তি তাৎপর্য পাবে। তবে তাঁর সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার পরই এ বিষয়ে স্পষ্ট বার্তা মিলবে।
