বেলপাহাড়িতে ম্যাঙ্গানিজের সম্ভাবনা, রাজ্য সরকারের উদ্যোগে চলবে অনুসন্ধান
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 1, 2026
2 min read
ঝাড়গ্রাম: এবার খনিজের মানচিত্রে জায়গা পেতে চলেছে জঙ্গলমহলের বেলপাহাড়ি। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে ক্ষেত্রসমীক্ষা। সফল হলে যেমন জঙ্গলমহলে বিপুল কর্মসংস্থান হবে তেমনই আর্থিক উন্নতির আশা দেখছেন জঙ্গলমহলের মানুষ।
ঝাড়গ্রাম জেলার মাটির নিচে বড় মাপের ম্যাঙ্গানিজের সন্ধানে এক ক্ষেত্রসমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের খনি ও খনিজ দফতরের উদ্যেগে খনিজ অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকার শিমলাপাল, লাবণী এবং বাঁশপাহাড়ি-সহ বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে এই প্রাথমিক ভৌগোলিক সমীক্ষা চালানো হবে। জানা গিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৫ দিন ধরে চলবে এই কাজ। কেন্দ্র ও রাজ্যের পাঁচটি শীর্ষস্থানীয় সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করতে চলেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এমওআইএল লিমিটেডের নেতৃত্বের সাথে এই ক্ষেত্রসমীক্ষায় সরাসরি অংশগ্রহণ করবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া , ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস , ডিরেক্টরেট অফ মাইনস অ্যান্ড মিনারেলস, পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড মত সরকারি সংস্থাগুলি।
এলাকা পর্যবেক্ষণ করে নমুনা সংগ্রহ ও ভূগর্ভস্থ গঠন পরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ দলটি জানার চেষ্টা করবে যে এলাকায় ঠিক কী পরিমাণ ম্যাঙ্গানিজ রয়েছে এবং সেখান থেকে বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলন কতটা লাভজনক হতে পারে তাও তাঁরা খতিয়ে দেখেন।
এই বিষয়ে বিধায়ক প্রনত টুডু জানান, বেলপাহাড়ি এলাকায় বিপুল পরিমাণে খনিজ সম্পদ রয়েছে।কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ সফল হলে বেলপাহাড়ি এলাকার ব্যাপক আর্থিক উন্নতি হবে।
এছাড়া ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, 'আমাদের অনুমান বেলপাহাড়িতে বিপুল পরিমাণে ম্যাঙ্গানিজ রয়েছে। ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে তার পরিমাণ জানা গেলে এবং তা উত্তোলন করা হলে রাজ্যের অর্থনীতির বিপুল পরিবর্তন আসবে। কর্মসংস্থানের নতুন দিশা গড়ে উঠবে।'
