ইভিএমের অভাব, হাইকোর্টের দ্বারস্থ নির্বাচন কমিশন
N
news13s_staff@gmail.comNews13s Verified
September 1, 2026
2 min read
নিউজ ডেস্ক: ইভিএমের অভাব, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন। এদিকে পুজোর পরেই বিভিন্ন পুরসভায় নির্বাচন করাতে চায় কমিশন। কলকাতা হাইকোর্টে একাধিক ইলেকশন পিটিশন সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে ৷ সেই সমস্ত মামলায় নির্বাচন কমিশনকে বিভিন্ন কেন্দ্রের ইভিএম মেশিন, ভিভিপ্যাট-সহ অন্যান্য সামগ্রী সংরক্ষণ করার নির্দেশ দেওয়া রয়েছে আদালতের পক্ষ থেকে ৷ ফলে নির্বাচনের নির্ঘণ্ট স্থির করা যাচ্ছে না। তাই মামলার দ্রুত শুনানির প্রয়োজন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আবেদন রাজ্য নির্বাচন কমিশনের। আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, শেষ বার হাওড়া পুরসভার নির্বাচন হয়েছিল ২০১৩ সালে ৷ এরপর ১৩ বছর কেটে গেলেও ভোট হয়নি ৷ এনিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ আদালত নির্বাচন করানোর নির্দেশ দিলেও প্রশাসনিক নানা সমস্যার কারণে নির্বাচন করা সম্ভব হয়নি ৷ অন্যদিকে কলকাতা পুরনিগম-সহ অন্যান্য পুরসভাগুলিতেও রাজ্যে পালাবদলের পর স্থিতিশীলতা না-থাকায় নির্বাচন করা প্রয়োজন ৷ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম মেশিন না-থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন। ৷
