নিম্নচাপের জেরে ঝোড়ো বৃষ্টির ইনিংস, জলমগ্ন কলকাতা

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
নিম্নচাপের জেরে ঝোড়ো বৃষ্টির ইনিংস, জলমগ্ন কলকাতা
কলকাতা: নিম্নচাপের জেরে ঝোড়ো বৃষ্টিতে রাতভর ভিজেছে কলকাতা। মঙ্গলবার সকাল থেকেও বৃষ্টির বিরাম নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারই নিম্নচাপের সরে যাওয়ার কথা ছিল দক্ষিণবঙ্গের উপর থেকে। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে ঠায় দক্ষিণবঙ্গের মাথার উপর দাঁড়িয়ে আছে নিম্নচাপ, সরছে না। সেই কারণেই আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়নি দক্ষিণবঙ্গে। মূলত উত্তর ওড়িশার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কথা রয়েছে নিম্নচাপের। অপরদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। ফলে দুইয়ের প্রভাবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিকে রাতভর বৃষ্টিতে শহরের কয়েকটি নিচু এলাকা ইতিমধ্যে জলবন্দি হয়ে পড়েছে। তবে উত্তরের চেয়ে দক্ষিণ কলকাতায় বৃষ্টির পরিমাণ বেশি। ইতিমধ্যেই জল জমেছে দক্ষিণ কলকাতার বড় রাস্তা থেকে অলি-গলিতে।গোপাল মুখার্জি রোড, আমির আলি অ্যাভিনিউ, লাউডন স্ট্রিট, থিয়েটার রোড, রডন স্ট্রিট, এলগিন রোডে জল জমেছে। একই অবস্থা জাস্টিস চন্দ্রমাধব রোড, ডিএইচ রোড, তারাতলা, সিজিআর রোডেও। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারও জারি থাকতে পারে এই অবস্থা। মঙ্গলবার মূলত প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমের ৪ জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান ও বীরভূমে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতায়। বৃষ্টি হবে মধ্যবঙ্গেও। বৃষ্টি-বাদলার সতর্কতা আছে মুর্শিদাবাদ, নদিয়াতেও।অন্যদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। উপরের দিকের জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।