তোলাবাজির অভিযোগে সাসপেন্ড ২২ বিজেপি নেতা! শোকজ ২৫০ দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
তোলাবাজির অভিযোগে সাসপেন্ড ২২ বিজেপি নেতা! শোকজ ২৫০  দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজি, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাজ্য বিজেপি বড় ধরনের সাংগঠনিক ব্যবস্থা নিল। অভিযোগের ভিত্তিতে ২২ জন নেতা ও পদাধিকারীকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৫০ জন নেতা-কর্মীকে শোকজ নোটিস পাঠিয়ে তাঁদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিজেপি সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো একাধিক অভিযোগ সামনে আসার পরই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে বিজেপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে তোলাবাজি, দলীয় প্রভাব খাটানো, বিরোধী দলের কার্যালয় দখলের চেষ্টা এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলারক্ষা কমিটি তদন্ত শুরু করে এবং প্রায় ২৫০ জনকে শোকজ নোটিস পাঠানো হয়। তদন্তে প্রায় ৮০ জনের জবাব সন্তোষজনক হওয়ায় তাঁদের বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে যাঁদের জবাব অসন্তোষজনক ছিল বা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও উত্তর মেলেনি, তাঁদের মধ্যে ২২ জনকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচাৰ্য বলেন, 'দলের নামে কোনও ধরনের তোলাবাজি বা অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।' সম্প্রতি রাজ্য সভাপতি প্রকাশ্যে দলীয় কর্মীদের সতর্ক করে জানিয়েছিলেন, তোলাবাজির সংস্কৃতি থেকে বেরিয়ে না এলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সতর্কবার্তার পরই এই পদক্ষেপকে দলের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রয়োগ বলে মনে করছে রাজনৈতিক মহল।