রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব! ভাঙচুর পুলিশের গাড়ি

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব! ভাঙচুর পুলিশের  গাড়ি
নিজস্ব প্রতিনিধি, মানিকচক: মালদার মানিকচক থানার মথুরাপুর সুভাষ কলোনি এলাকায় গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি চারচাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পুরো ঘটনার দৃশ্য বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ প্রায় বারো বছর ধরে ওই পরিবারের গাড়িটি বাড়ির সামনেই পার্কিং করে রাখা হতো। এতদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ গভীর রাতে দুষ্কৃতীদের হামলায় গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রোমা সাহা জানান, তাঁর স্বামী একজন পুলিশকর্মী এবং কর্মসূত্রে তিনি বাড়ির বাইরে থাকেন। তাঁদের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই বলেই দাবি করেন তিনি। এছাড়াও তিনি বলেন, 'আমরা বহুদিন ধরে এই এলাকায় বসবাস করছি। পাড়া প্রতিবেশীদের সঙ্গেও আমাদের সুসম্পর্ক রয়েছে। তাই কে বা কারা এই হামলা চালাল, তা আমাদের বোধগম্য নয়। প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানাচ্ছি।' এলাকাবাসীরও দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।