আইপিএস কোটেশ্বর রাও-সহ সাসপেন্ড একাধিক পুলিশ অফিসার
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 25, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
তৃণমূল জমানায় একের পর এক ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় অধিবেশনের শেষ দিনে আইপিএস কোটেশ্বর রাও-সহ একাধিক পুলিশ অফিসারকে সাসপেন্ডের কথা ঘোষণা করলেন তিনি। কোন কোন মামলায় কার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, সেকথাও জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, '২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তৃণমূলের আমলে পুলিশকে অপব্যবহার করেছে তৎকালীন সরকার। সনাতন ধর্মের মানুষদের উপর অত্যাচার করা হয়েছে।' এর পরেই একের পর এক ঘটনার উল্লেখ করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ক্লাস নাইনের ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়। তার দেহ পুকুরে ভেসে ওঠে। পঞ্চায়েত উপপ্রধানের ছেলে অভিযুক্ত ছিল। গ্রেফতার না হওয়ায় মানুষ থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান করে। পরে পুলিশ জোর করে দেহ সরিয়ে নিয়ে যায়। রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মণ এসেছিলেন গ্রামে একটা অনুষ্ঠানে। জ্যাঠামশাইকে পুলিশ খোঁজ করতে আসে। না পেয়ে সরাসরি মৃত্যুঞ্জয়কে গুলি করে খুন করে। তাঁর স্ত্রীকে আমি চাকরি দিই। এর প্রাথমিক তদন্ত করেছি। এই ঘটনায় এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হল। এছাড়াও এফআইআর করা হয়েছে।'
অপরদিকে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তর মৃত্যুর প্রসঙ্গ তুলে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্তকে বড়তলা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। হেনস্থা করা হয়। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। তাঁকে থানায় চা তো দূরের কথা, জলও খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলাম।সেইসময়ের আইও সাধন দাসকে সাসপেন্ড করা হল। ওই থানার আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী। তাঁকেও সাসপেন্ড করা হয়।কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের দিন যাঁরা গিয়েছিলেন নিরঞ্জনে, তাঁদের লাঠিচার্জ করা হয়। সেই ঘটনায় ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হল। তৃণমূল আমলে সুন্দরবনের কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি ভাঙা হয়। এলাকার মানুষ প্রতিবাদ করেন। আইপিএস কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে লাঠিচার্জ করে। তারপর প্রিজন ভ্যানে তোলে মা কালীকে।ওই ঘটনায় আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড করা হল।'
