নিট কাণ্ডের আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় পুজো মহিলাদের
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 24, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি, দিনহাটা:
নিট প্রশ্ন ফাঁসকে ঘিরে আন্দোলনের আবহে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করলেন একদল মহিলা।
শুক্রবার সকালে সিতাই বিধানসভার তামাগুড়ি এলাকা থেকে তাঁরা পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পৌঁছন। এদিন মদনমোহনদেবের চরণে অঞ্জলি দিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেন তাঁরা।
এদিন পুজো দিতে আসা যুথিকা বর্মণ বলেন, ‘কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমরা চাই, সেই সব চক্রান্ত ব্যর্থ হোক। দেশের উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত থাকুক। সেই প্রার্থনাই জানাতে প্রাণের ঠাকুর মদনমোহনদেবের কাছে এসেছি।’ পাশাপাশি তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। তাই রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণ এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনাতেই এই পুজো।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন-বিক্ষোভ চলছে। সেই আবহেই কোচবিহারের এই বিশেষ পুজো রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে। যদিও এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ বলেই দাবি করেছেন উদ্যোক্তারা। তাঁদের বক্তব্য, দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থেই তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
