পশ্চিমবঙ্গে চালু 'প্রধানমন্ত্রী সূর্য ঘর', ছাদে সৌর প্যানেল বসালেই মাসে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
পশ্চিমবঙ্গে চালু 'প্রধানমন্ত্রী সূর্য ঘর', ছাদে সৌর প্যানেল বসালেই মাসে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হল কেন্দ্রীয় সরকারের সোলার রুফটপ প্রকল্প 'প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা'। রাজ্যে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৪ সালে কেন্দ্রীয় স্তরে প্রকল্পটির সূচনা হলেও তৃণমূল সরকারের আমলে রাজ্য এতদিন কেন্দ্রের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেনি, ফলে ডব্লিউবিএসইডিসিএল গ্রাহকরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। কেবল কলকাতার সিইএসসি গ্রাহকরাই এতদিন প্রকল্পের আওতায় ছিলেন। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবার গ্রামীণ ও জেলার লক্ষ লক্ষ গ্রাহকের কাছেও প্রকল্পটি খুলে গেল। প্রকল্প অনুযায়ী, বাড়ির ছাদে সৌর প্যানেল বসালে গ্রাহকরা প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। কেন্দ্রীয় ভর্তুকি হিসেবে ১ কিলোওয়াট ক্ষমতার সিস্টেমে ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটে ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার সিস্টেমে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পাওয়া যাবে। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে বাড়তি আর্থিক সহায়তারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে ১০০ ইউনিট ব্যবহারকারীরা পাবেন ৩৫ হাজার টাকা, ২০০ ইউনিটের জন্য ৭০ হাজার টাকা এবং ৩০০ ইউনিটের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৩ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবারগুলির জন্য রাজ্য সরকার থেকে অতিরিক্ত ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রকল্পে আবেদনের জন্য গ্রাহকদের পিএম সূর্য ঘর পোর্টালে নিজেদের রাজ্য ও বিদ্যুৎ বণ্টন সংস্থা নির্বাচন করে নথিভুক্ত হতে হবে। কলকাতার সিইএসসি গ্রাহক এবং রাজ্যের অন্যান্য এলাকার ডব্লিউবিএসইডিসিএল গ্রাহক, উভয়েই এখন থেকে আবেদনের যোগ্য।