ধর্মতলায় আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 24, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
ধর্মতলায় নিট-কাণ্ডের প্রতিবাদ ঘিরে অশান্তির সময় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হওয়া সাংবাদিকদের দেখতে শুক্রবার রাত ৯টা নাগাত এসএসকেএম পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। চিকিৎসকদের সঙ্গেও কথা বলে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের এই অবস্থার জন্য যারা দায়ী, তাঁদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
হাসপাতালে দাঁড়িয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কটা দিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই শুক্রবারিদের দেখিয়ে দেব। সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রসঙ্গত, ধর্মতলায় নিট-কাণ্ডের প্রতিবাদ ঘিরে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।
