ছাত্র-যুব আন্দোলনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা, দাবি বিজেপির
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 23, 2026
3 min read
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
দিল্লিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ছাত্র-যুবদের আন্দোলনকে পরিকল্পিতভাবে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ বিজেপির। বৃহস্পতিবার সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলনে দলের নেতারা দাবি করেন, পরীক্ষার্থীদের দাবির আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির মিডিয়া কনভেনর অধ্যাপক বিমলশঙ্কর নন্দ এবং রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস।
এদিন বিজেপির নেতৃত্বরা দাবি করে জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর অপরাধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনায় কেন্দ্রীয় সরকারের তরফে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই বিষয়টির গুরুত্ব স্বীকার করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দোষীদের দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের মাধ্যমে কঠোর শাস্তির পক্ষে মত প্রকাশ করেছেন।
পাশাপাশি বিজেপির অভিযোগ, দিল্লির আন্দোলনে পরীক্ষার্থীদের মূল দাবি থেকে সরে গিয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যু সামনে আনা হচ্ছে। দলের দাবি, আন্দোলনের সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া, সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করা এবং সাংবাদিকদের, বিশেষ করে মহিলা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের মতো ঘটনাও ঘটেছে। গণতান্ত্রিক আন্দোলনের নামে এই ধরনের হিংসা কখনোই গ্রহণযোগ্য নয় বলে জানান বিজেপির নেতৃত্বরা।
এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, 'প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্র ২০২৪ সালে The Public Examinations (Prevention of Unfair Means) Act কার্যকর করেছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অপরাধ রুখতে আইনি ও প্রশাসনিক ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে'
এছাড়াও তিনি দাবি করে বলেন, 'গত এক দশকে IIT, IIM, মেডিক্যাল কলেজ ও MBBS আসনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি Atal Tinkering Labs এবং One Nation One Subscription-এর মতো উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষা পরিকাঠামোর উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে।'
এদিন বিজেপি নেতৃত্ব রাজ্যে তৃণমূল কংগ্রেস, প্রদেশ কংগ্রেস সহ আইএনডিআই জোটের ভূমিকাও প্রশ্নের মুখে তোলে। তাদের দাবি, অতীতেও বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তাই শুধুমাত্র একটি ঘটনা নয়, অতীত ও ভবিষ্যতের সমস্ত পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে সংসদে সামগ্রিক আলোচনা হওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে বিরোধীদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতারা।
এদিন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, 'প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া জরুরি। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টি বা ছাত্র-যুবদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা মেনে নেওয়া হবে না।'
পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে মন্ত্রী তাপস রায় জানান, আন্দোলনের নামে রাজ্যে হিংসা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পড়ুয়া ও যুবসমাজের ন্যায্য স্বার্থরক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ, তবে আন্দোলনের আড়ালে হিংসা বা রাজনৈতিক অস্থিরতার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।'
