ভারী শিল্পে জোর রাজ্য সরকারের, ২০ হাজার কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 17, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
রাজ্যে শিল্পায়নকে আরও গতি দিতে ভারী শিল্প খাতে বড় উদ্যোগের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন শিল্প প্রকল্প এবং সম্প্রসারণের মাধ্যমে আগামী কয়েক বছরে প্রায় ২০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা, বিনিয়োগ টানা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
নবান্ন সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং, যন্ত্রাংশ উৎপাদন, ইস্পাত, ভারী যন্ত্র নির্মাণ এবং সংশ্লিষ্ট শিল্পে একাধিক নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন, জমি, বিদ্যুৎ, রাস্তা ও লজিস্টিক সুবিধা আরও শক্তিশালী করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হবে।
শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত নির্মাণ শিল্প সংস্থার প্রায় ১৫, ০০০ কোটি টাকার
কারখানা সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্প বিনিয়োগই সরকারের অন্যতম অগ্রাধিকার। নতুন শিল্প স্থাপনের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি শক্তিশালী শিল্পভিত্তি গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।' তাঁর দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং রাজ্যের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
