কলকাতা বিমানবন্দরে জারি ১৬৩ ধারা, জমায়েতের ডাক দিয়েও পিছু হটলেন সিদ্দিকুল্লা
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 17, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
কলকাতা বিমানবন্দরের ভিতরে মসজিদ ইস্যুতে অব্যাহত উত্তেজনা। জারি ১৬৩ ধারা। শুক্রবার জমায়েতের ডাক দিয়ে কার্যত পিছু হটলেন তৃণমূল নেতা সিদ্দিকুল্লা।
উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছেই অবস্থিত বাঁকরা মসজিদ বন্ধের ঘটনায় শুক্রবার প্রতিবাদের ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। কিন্তু প্রশাসনের বজ্র আঁটুনিতে একপ্রকার পিছু হটতে বাধ্য হলেন জমিয়তের নেতা তথা প্রাক্তন মন্ত্রী। এলাকায় নতুন করে যাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে ১৬৩ ধারা জারি ছিল সকাল থেকে।
বিমানবন্দরের ভেতরে অবস্থিত এই মসজিদ গত শনিবার থেকে বন্ধ রয়েছে। দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণ এবং বিমান বন্দরের সুরক্ষার কারণে মসজিদ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার মসজিদ চত্বরে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। বাঁকড়া এলাকায় পৌঁছে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন সিদ্দিকুল্লা। তবে শেষ মুহূর্তে তিনি সেই কর্মসূচি প্রত্যাহার করে নেন।
যদিও এদিন মসজিদ ঘিরে বিক্ষোভের আঁচ বুঝে প্রস্তুত হয়ে ময়দানে নামে রাজ্যের প্রশাসন। বাঁকড়া মোড়-সহ সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা কার্যকর করা হয়। শুধু পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীই নয়, যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ছিল প্রশাসন। পাশাপাশি পুলিশের গাড়ি থেকে সকাল থেকেই মাইকে বারবার ঘোষণা করে সাধারণ মানুষকে আইন মেনে চলার আবেদন জানানো হয়। আইনশৃঙ্খলার অবনতি না ঘটাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিয়েছিল প্রশাসন।
এদিন ঘটনাস্থলে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রায় ২৫০ জন পুলিশকর্মী মোতায়েন ছিল বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে।
