পর্যটক হেল্পলাইনে অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার প্রতারণার টাকা

N
news13s_staff@gmail.comNews13s Verified
3 min read
Share
পর্যটক হেল্পলাইনে অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার প্রতারণার টাকা
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পর্যটক হেল্পলাইন পরিষেবা চালুর মাত্র এক সপ্তাহের মধ্যেই দু'টি পৃথক অভিযোগে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতারিত পর্যটকদের টাকা ফেরত দিতে সক্ষম হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নেতৃত্বে এবং পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে চালু হওয়া এই বিশেষ হেল্পলাইনের লক্ষ্য উত্তরবঙ্গে আগত দেশ-বিদেশের পর্যটকদের যে কোনও সমস্যায় দ্রুত সহায়তা প্রদান করা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা অঙ্কিত কুমার গ্যাংটক ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়ি জংশনে এসে সোশ্যাল মিডিয়ায় পাওয়া একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থার মাধ্যমে ৩৩ হাজার টাকার একটি ট্যুর প্যাকেজ বুক করেন। ওই প্যাকেজে হোটেল, খাবার এবং দর্শনীয় স্থান ঘোরানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অনলাইনে টাকা নেওয়ার পর তাঁকে গ্যাংটকগামী গাড়িতে তুলে দেওয়া হয়। অভিযোগ, গ্যাংটকে পৌঁছে তিনি জানতে পারেন, তাঁর নামে কোনও হোটেল বুকিং বা পর্যটন সংক্রান্ত কোনও ব্যবস্থাই করা হয়নি। প্রতারণার শিকার বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ২৪ ঘণ্টার ট্যুরিস্ট হেল্পলাইনে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর ট্রাফিক এসিপি সুবীর কুমার দত্ত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জংশন ট্রাফিক গার্ডের আইসি রিদম সাহাকে দ্রুত তদন্ত ও পর্যটককে সর্বত্তোভাবে সহায়তার নির্দেশ দেন। পুলিশ তদন্তে নেমে সংশ্লিষ্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিসে পৌঁছলেও মূল অভিযুক্তকে পাওয়া যায়নি। তবে সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রতারিত পর্যটকের পুরো ৩৩ হাজার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো ট্যুর প্যাকেজ বিক্রি করে প্রতারণা চালানো মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার এসিপি সুবীর কুমার দত্ত ফোনে অঙ্কিত কুমারের সঙ্গে কথা বলে তাঁর টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। টাকা ফিরে পেয়ে অঙ্কিত কুমার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণের সময় কোনও পর্যটক প্রতারণা, অবৈধ অর্থ আদায়, হয়রানি বা অন্য কোনও সমস্যার সম্মুখীন হলে নির্দ্বিধায় ট্যুরিস্ট হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।