বাংলায় শিল্প টানতে দিল্লিতে বৈঠক শমীক ভট্টাচার্যের

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
বাংলায় শিল্প টানতে দিল্লিতে বৈঠক শমীক ভট্টাচার্যের
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে নতুন শিল্প ও বিনিয়োগ আনার লক্ষ্যে দিল্লিতে একাধিক শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য থেকে মুম্বাইতে চলে যাওয়া শিল্পপতিদের সাথে গতকাল বৈঠক করেছিলেন তিনি। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের ফের বাংলায় ফিরে আসার এবং বিনিয়োগের আবেদন করেছেন রাজ্য বিজেপির সভাপতি। এই বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন করেছেন তিনি। এছাড়াও এদিন দিল্লিতে একাধিক শিল্পপতিদের সাথে বৈঠকে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা, নতুন কারখানা স্থাপন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে শিল্পায়নের গতি মন্থর হয়ে রয়েছে। বিগত বাম ও তৃণমূল জামানায় রাজ্য থেকে মুখ ফিরিয়েছিলেন শিল্পপতিরা। ফলে বহু শিক্ষিত যুবক-যুবতী কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে শিল্পপতিদের সঙ্গে আলোচনা করে বাংলায় নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। শমীক ভট্টাচার্য বৈঠকে শিল্পপতিদের উদ্দেশে বলেন, পশ্চিমবঙ্গে দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বড় বাজারের সুযোগ রয়েছে। উপযুক্ত প্রশাসনিক পরিবেশ ও স্বচ্ছ নীতির মাধ্যমে রাজ্যে শিল্পের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। শিল্প এলে কর্মসংস্থান বাড়বে এবং রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে বলেও তিনি মত প্রকাশ করেন। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি, উৎপাদন শিল্প, পরিকাঠামো, খাদ্য প্রক্রিয়াকরণ, লজিস্টিক্স এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরও কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পরিকল্পনাও রয়েছে।