তোলাবাজি মামলায় দেবরাজের ৭দিনের পুলিশি হেফাজত

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
তোলাবাজি মামলায় দেবরাজের ৭দিনের পুলিশি হেফাজত
নিজস্ব প্রতিনিধি, বারাসাত: দেবরাজ চক্রবর্তী বিরুদ্ধে ওঠা তোলাবাজির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাসাত আদালত। তদন্তের স্বার্থে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানালেও আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, যে মামলায় এদিন দেবরাজ চক্রবর্তীকে আদালতে তোলা হয়, সেটি একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলা। অভিযোগ, একটি নির্মাণকাজে বাধা দিয়ে ভয় দেখিয়ে অভিযোগকারীর কাছ থেকে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। কিছু টাকা দেওয়াও হয়। ওই অভিযোগের ভিত্তিতেই দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, এদিন আদালতে শুধুমাত্র ৩০ লক্ষ টাকা দাবির অভিযোগ সংক্রান্ত মামলাটিই পেশ করা হয়েছে। তবে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে, যেখানে অর্থ দাবির পরিমাণ আরও বেশি বলে তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যেই এই মামলার অভিযোগকারীর গোপন জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে বলেও তিনি জানান। তদন্তকারী সংস্থার দাবি, বর্তমান মামলার তদন্ত শেষ হওয়ার পর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও একাধিক মামলায় আদালতের দ্বারস্থ হওয়ার বিষয় রয়েছে। সরকারি পক্ষের বক্তব্য, তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে। এই ঘটনাগুলি একটি সংগঠিত অপরাধচক্রের অংশ হতে পারে বলেও ইঙ্গিত দেন সরকারি আইনজীবী। তাঁর দাবি, তদন্তে আরও কয়েকজনের নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। সরকারি পক্ষ আরও জানায়, পরবর্তী যে মামলাটি আদালতে আনা হবে, সেখানে অভিযোগের অর্থের পরিমাণ ৩০ লক্ষ টাকারও বেশি। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে সেই মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তীকে ঘিরে চলা তদন্তে আগামী কয়েক দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল। ফলে এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা আরও বাড়বে।