ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন খারিজ অনুব্রতর
N
news13s_staff@gmail.comNews13s Verified
July 1, 2026
2 min read
নিজস্ব প্রতিনিধি, বীরভূম: ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল বীরভূম জেলা আদালত।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার একটি মামলায় বীরভূম জেলা আদালতে জোর ধাক্কা খেলেন একদা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বীরভূম জেলা আদালত।
অভিযোগকারী ইটভাটার মালিক শুভেন্দু মণ্ডলের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল পুনরায় ক্ষমতায় আসতেই তাঁর উপর চরম অত্যাচার শুরু হয়।
শুভেন্দু বাবু অভিযোগ করে বলেন, 'তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সরাসরি নির্দেশে এবং কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ ও তাঁর অনুগামীদের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁর ইটভাটায় চড়াও হয়। সেখানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করে নিয়ে যায়।'
পাশাপাশি তিনি জানান, ২০২১ সালেই তিনি এই বিষয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু সেই সময় পুলিশ তাঁর অভিযোগে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। সম্প্রতি শান্তিনিকেতন থানায় তিনি পুনরায় এই মর্মে নতুন করে অভিযোগ দায়ের করেন।
আদালতের এই সিদ্ধান্তের পর বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানান, আইন সবার জন্য সমান। অন্যায় করলে কাউকেই রেহাই দেওয়া হবে না, সে অনুব্রত মণ্ডল হোন বা অন্য যে কেউই হোন। অপরাধের শাস্তি পেতেই হবে।
আইনি জটিলতা ও রাজনৈতিক চাপ, দুই মিলিয়েই এই মুহূর্তে বীরভূমের রাজনীতিতে কেষ্টর অস্বস্তি যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।
