রাজনীতির পালাবদলের পর উত্তরবঙ্গের হট টপিক বউ বদল

N
news13s_staff@gmail.comNews13s Verified
3 min read
Share
রাজনীতির পালাবদলের পর উত্তরবঙ্গের হট টপিক বউ বদল
জলপাইগুড়ি: নিজের বউকে হারালেন এক ব্যক্তি কিন্তু ফিরে পেলেন অপরাধী জীবন সঙ্গিনী। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে এমন এক কাণ্ড ঘটেছে, যা শুনে স্থানীয়দের চোখ কপালে! বাস্তবেই ঘটল বউ বদল। সামাজিক মাধ্যমে প্রেম, সংসার ছেড়ে পালানো, তারপর প্রতিশোধ নয় উল্টে নতুন প্রেম আর নতুন বিয়ে। উত্তরবঙ্গের এই চাঞ্চল্যকর ঘটনা এখন চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই হট টপিক। ঘটনার সূত্রপাত সামাজিক মাধ্যম থেকেই। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ফুলবাড়ি এলাকার এক বিবাহিত যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের জোড়পাকড়ি বসাকপাড়ার এক গৃহবধূর। প্রথমে লাইক-কমেন্ট, তারপর ইনবক্সে গল্প দেখতে দেখতে সেই আলাপ জমে ওঠে প্রেমে। দিনের পর দিন চলতে থাকে ফোনে কথা, মেসেজ, ভিডিও কল। শেষমেশ সংসার-সমাজ সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় দেড় মাস আগে দু’জনে একসঙ্গে উধাও। এক সকালে ঘুম ভাঙতেই দুই পরিবারে শুরু হয় তোলপাড়। ময়নাগুড়ির ওই মহিলার স্বামী বুঝতেই পারছিলেন না, হঠাৎ করে স্ত্রী কোথায় গেলেন। খোঁজাখুঁজি, আত্মীয়দের ফোন, পরিচিতদের বাড়িতে ছুটোছুটি সব করেও কোনো হদিশ মিলছিল না। পরে তদন্ত করতে গিয়েই সামনে আসে আসল গল্প। জানা যায়, ফালাকাটার ওই ব্যক্তির সঙ্গেই পালিয়েছেন তাঁর স্ত্রী। এদিকে, ফালাকাটাতেও তখন একই অবস্থা। নিজের স্বামী যে অন্য এক মহিলাকে নিয়ে সংসার ছেড়েছেন, তা জানতে পেরে কার্যত ভেঙে পড়েন ওই ব্যক্তির স্ত্রী। কিন্তু ভাগ্যের খেলাটা তখনও বাকি ছিল। স্ত্রীকে খুঁজতে গিয়ে ময়নাগুড়ির ওই প্রতারিত স্বামীর সঙ্গে যোগাযোগ হয় ফালাকাটার ওই মহিলার। প্রথমে শুধুই খোঁজখবর আর দুঃখ ভাগ করে নেওয়া। তোমার স্বামী আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছে এই আক্ষেপ থেকেই শুরু কথাবার্তা। কিন্তু সেই দুঃখের সঙ্গীই ধীরে ধীরে হয়ে ওঠেন একে অপরের ভরসা। স্থানীয়দের কথায়, যে দু’জন মানুষ সবচেয়ে বেশি ঠকেছিলেন, শেষ পর্যন্ত তারাই একে অপরের পাশে দাঁড়ালেন। ফোনে কথা, দেখা করা, মানসিক সমর্থনসব মিলিয়ে সম্পর্ক গাঢ় হতে সময় লাগেনি। তারপর একদিন দু’জনেই সিদ্ধান্ত নেন, অতীতের কান্না ভুলে নতুন করে জীবন শুরু করবেন। যেমন ভাবা, তেমন কাজ। গত মঙ্গলবার ফালাকাটার ওই মহিলা ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় পৌঁছন। এরপর বুধবার জোড়পাকড়ি কালীবাড়িতে সামাজিক ও ধর্মীয় রীতি মেনে চার হাত এক হয় তাঁদের। মালাবদল, সিঁদুরদান সব নিয়ম মেনেই সম্পন্ন হয় বিয়ে। আর সেই বিয়েতে হাজির ছিলেন এলাকার বহু মানুষও। কেউ অবাক, কেউ মজা পাচ্ছেন, আবার কেউ বলছেন জীবন সিনেমার থেকেও বেশি নাটকীয়। ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। চায়ের দোকানে এখন একটাই আলোচনা কে কার বউ নিয়ে পালাল, আর শেষে কে কাকে বিয়ে করল। কেউ আবার বলছেন, সামাজিক মাধ্যমে এখন শুধু বন্ধুত্ব নয়, সংসারও বদলে দিচ্ছে। স্থানীয় এক প্রবীণের কথায়, আগে শুনতাম প্রেমে মানুষ ঘর বাঁধে। এখন দেখছি, প্রেমে পুরনো ঘর ভেঙে নতুন ঘরও তৈরি হচ্ছে। তবে পুরো ঘটনায় আইনি জটিলতার প্রশ্নও উঠছে। কারণ, আগের বিবাহ আইনত শেষ হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। যদিও এখনও পর্যন্ত কোনো পক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়নি। তবে আইন যাই বলুক, ময়নাগুড়ির এই ‘পালা বদলের বিয়ে’ এখন উত্তরবঙ্গের সবচেয়ে জমজমাট আলোচনার বিষয়।