লোকালয়ে স্কুল থেকে চা-বাগান, বাজার দাপিয়ে বেড়ালো হাতির দল
N
news13s_staff@gmail.comNews13s Verified
May 30, 2026
2 min read
ডুয়ার্স: স্কুলে ঢুকল হাতির পাল। ভোর থেকেই তটস্থ ডুয়ার্স। শাবক সহ হাতির দল দাপিয়ে বেড়াল চা বাগান, পিচ রাস্তা, লোকালয়। আর এবার সরাসরি ঢুকে পড়ল প্রাথমিক বিদ্যালয়ে।
শনিবার বানারহাটের তেলিপাড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে ঘুরে বেড়াচ্ছে গোটা হাতির পাল। শাবকদের আগলে রেখে স্কুলের বারান্দার সামনে দাঁড়িয়ে পূর্ণবয়স্ক হাতিরা। ভাগ্য ভালো, ভোরবেলা স্কুল বন্ধ।
এদিন ভোরবেলা হলদিবাড়ি চা-বাগানের শ্রমিকরা প্রথম দেখতে পান হাতির দলকে। চা-বাগানের সরু পথ ধরে, পিচ রাস্তা পার হয়ে দলটি ঢুকে পড়ে তেলিপাড়া, কালুয়া কলোনি এলাকায়। সীমানা প্রাচীর ঘেঁষে রাস্তায় উঠে আসে তারা। সেখান থেকেই সোজা ঢুকে পড়ে স্কুল চত্বরে।
আতঙ্ক শুধু এখানেই শেষ নয়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরেও তিনটি হাতি ঢুকে পড়ার খবর মেলে। লোকালয়ের রাস্তার পাশে বন্ধ দোকানের শাটারের সামনে, ঝোপের আড়াল থেকে উঁকি দিতে দেখা যায় একটি হাতিকে। ভোরের আলোয় ফাঁকা রাস্তা, বন্ধ দোকান, আর তার পিছনেই ওঁত পেতে দাঁড়িয়ে গজরাজ। এই ছবি দেখেই শিউরে উঠছেন বাসিন্দারা।
স্কুলে হাতি ঢোকার খবর ছড়াতেই আতঙ্ক আরও বাড়ে।
বন দফতর সূত্রে খবর, হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু হয়েছে। কিন্তু শাবক থাকায় এবং লোকালয় ও স্কুল চত্বরে ঢুকে পড়ায় চরম সতর্কতা নিতে হচ্ছে বনকর্মীদের।
বন দফতরের প্রাথমিক অনুমান, বর্ষার শুরুতে জঙ্গলে খাবারের টানে লোকালয়ে নেমে আসছে হাতির পাল। হাতির যাতায়াতের পুরনো করিডোরগুলিতে বাধা তৈরি হওয়ায় তারা দিশেহারা হয়ে ঢুকে পড়ছে লোকালয়, এমনকি স্কুলেও।
