সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে সারা রাজ্যের সঙ্গে রায়গঞ্জ হাসপাতালেও শুরু হল এইচপিভি টিকাকরণ কর্মসূচি

N
news13s_staff@gmail.comNews13s Verified
2 min read
Share
সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে সারা রাজ্যের সঙ্গে রায়গঞ্জ হাসপাতালেও শুরু হল এইচপিভি টিকাকরণ কর্মসূচি
উত্তরদিনাজপুর: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হল এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিনামূল্যে টিকা পাবে ১৪ বছরের কিশোরীরা সারা রাজ্যের সঙ্গে শনিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হল ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচি। এদিন মেডিকেল কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকান্ত বিশ্বাস, রায়গঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. স্নেহাংশু পান, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৌশিক চৌধুরী সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিৎসক ও কর্মীরা। টিকা গ্রহণকারী কিশোরীরা জানায়, টিকা নেওয়ার আগে তাঁদের মধ্যে কিছুটা ভয় ও উদ্বেগ কাজ করছিল। তবে টিকা নেওয়ার পর তাঁরা বুঝতে পেরেছে এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া। এই উদ্যোগের ফলে ভবিষ্যতে তাঁরা স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে উপকৃত হবে বলেও মত প্রকাশ করে। পাশাপাশি সরকারকে ধন্যবাদ জানায়। বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই কর্মসূচি চালু হলেও পূর্ববর্তী রাজ্য সরকার তা কার্যকর করেনি। বর্তমানে রাজ্যের মেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে এই গুরুত্বপূর্ণ টিকা পাবে, যা অত্যন্ত আনন্দের বিষয়। তিনি জানান, আগামী তিন মাস রবিবার বাদে প্রতিদিন এই টিকাকরণ চলবে। পরবর্তীতে নিয়মিত টিকাকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে এইচপিভি টিকাকে। স্বাস্থ্য দফতরের আশা, এই কর্মসূচি কিশোরীদের সারভাইক্যাল ক্যান্সার রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।