দাঁতনে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার, চাঞ্চল্য
N
news13s_staff@gmail.comNews13s Verified
May 30, 2026
2 min read
পশ্চিম মেদিনীপুর:
দাঁতনের ধনেশ্বরপুরে একটি গুদাম ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই বিডিও অফিস সংলগ্ন একটি গুদামে মালপত্র আনা-নেওয়া চলত। তবে সেখানে কী রাখা হয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা ছিল না অধিকাংশ মানুষের। অবশেষে পুলিশি তল্লাশির পর সেই গুদাম থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, কম্বল ও বিভিন্ন ত্রাণসামগ্রী।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয় জোর আলোচনা। স্থানীয়দের প্রশ্ন, সাধারণ মানুষের প্রয়োজনে ব্যবহৃত হওয়ার কথা যে সামগ্রীগুলির, সেগুলি কীভাবে একটি ব্যক্তিগত গুদামে এল? কার নির্দেশে সেখানে রাখা হয়েছিল? কতদিন ধরে এই মজুত চলছিল? এমন একাধিক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে।
অভিযোগের তির উঠেছে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ও ঠিকাদারের দিকে। বিজেপির দাবি, প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে সরকারি সামগ্রী গোপনে মজুত রাখা হয়েছিল। অভিযোগ, দুর্যোগের সময় সাধারণ মানুষের হাতে পৌঁছানোর বদলে ত্রাণসামগ্রী অন্যত্র সরিয়ে রাখার প্রবণতা নতুন নয়। এই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত, তা খুঁজে বের করার দাবি তুলেছে বিজেপি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নথিপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সামগ্রীগুলি সরকারি প্রকল্পের আওতায় এসেছিল কিনা, অথবা অন্য কোনো উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল কিনা, তা তদন্তেই স্পষ্ট হবে।
যদিও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার তরফে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনও আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও, তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে জেলার রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।
