পানীয় জলের দাবিতে পথ অবরোধ
N
news13s_staff@gmail.comNews13s Verified
May 29, 2026
2 min read
উলুবেড়িয়া: চারদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা। আর এই অভিযোগে বৃহস্পতিবার উলুবেড়িয়া পুরসভার ২৩নং ওয়ার্ডের জগদীশপুর ঘোষপাড়ার বাসিন্দারা উলুবেড়িয়া শ্যামপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এদিনের বিক্ষোভে প্রায় আধঘণ্টা পথ অবরোধ চলার পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললে পরিস্থিতি শান্ত হয়।
জানা গিয়েছে, জগদীশপুর ঘোষ পাড়ায় শতাধিক পরিবার বসবাস করেন। অভিযোগ, গত চারদিন ধরে এলাকায় কোনো রকম জল সরবরাহ হচ্ছে না। ফলে গরমে চরম সমস্যার মুখে পড়েছে বাসিন্দারা। তারই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ সোমবার সকাল থেকে এলাকায় জল আসছেনা। পুরসভার পক্ষ থেকে সোমবার একটি জলের গাড়ি পাঠানো হয়েছিল। তাদের অভিযোগ পুরসভার পক্ষ থেকে পাইপ লাইন মেরামতের কাজ করলেও বৃহস্পতিবার পর্যন্ত সমস্যা মেটেনি। এমনকি পুরসভা থেকে পানীয় জলের গাড়ি না দেওয়ায় সমস্যা আরোও বৃদ্ধি পেয়েছে। ঘটনা প্রসঙ্গে কাউন্সিলর তানভী নিজাম মোল্লা জানান, সমস্যার বিষয়টি জানা গেলেও ওইদিন মিস্ত্রী না পাওয়ায় পাইপ লাইন মেরামত করা যায়নি। তবে এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানো হয়েছিল। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইপ লাইন মেরামতের কাজ করলেও বৃহস্পতিবার সকালে বুঝতে পারা যায় সমস্যা মেটেনি। বৃহস্পতিবার যেহেতু সব দফতর ছুটি সেই কারনে পুরসভার জল বিভাগে বিষয়টি জানানো হয়েছে। বেশী করে জলের গাড়ি এলাকায় পাঠাতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব পাইপ লাইন মেরামত করে ওই এলাকায় জল সরবরাহ সাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
