বিজেপি কর্মীর পানের বরজ নষ্ট করে দেওয়ার অভিযোগ
N
news13s_staff@gmail.comNews13s Verified
May 29, 2026
2 min read
কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার জেলার গঙ্গাসাগরে ফের রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সাগর থানার অন্তর্গত মুড়িগঙ্গা-২নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্দিরতলা গ্রামের ৩১ নম্বর বুথ এলাকায় এক বিজেপি কর্মীর পানের বরজ নষ্ট করে দেওয়ার অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কার্যকর্তা গনেশ দাস দীর্ঘদিন ধরে পানের চাষের সঙ্গে যুক্ত। অভিযোগ, বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা তাঁর পানের বরজে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক পানের গাছ কেটে নষ্ট করে দেয়। বৃহস্পতিবার সকালে বরজে গিয়ে ক্ষতির চিত্র দেখে হতবাক হয়ে যান তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি গনেশ দাসের।
গনেশ দাসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, 'আমি বিজেপির সমর্থক হওয়ায় পরিকল্পিতভাবে আমার চাষের ক্ষতি করা হয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বরজে ঢুকে পানের গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে।' অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বিজেপি নেতৃত্বও ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাঁদের দাবি, বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণেই এলাকায় বিজেপি কর্মীদের উপর বারবার হামলা ও ভয় দেখানোর চেষ্টা চলছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করছে। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলেও দাবি করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
