জমির নথি জাল করে বিক্রির অভিযোগ, গ্রেফতার এক
N
news13s_staff@gmail.comNews13s Verified
May 28, 2026
1 min read
নিজেস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জমির নথি জাল করে বিক্রির অভিযোগে গ্রেফতার জমি মাফিয়া মহম্মদ জাহিদের স্ত্রী জাসমিন খাতুন। মাটিগাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে এক মহিলা মাটিগাড়া পাঁচকেলগুরি এলাকায় ৩ কাঠা জমি কিনে ২০২১ সালে বিক্রি করেন। তিনি যাকে বিক্রি করেছেন তিনি জমির পূর্ব মালকিনকে অভিযোগ করে জানান অপর একজন একই জমির মালিকানা দাবি করছে। পরবর্তীতে পূর্ব মালকিন খোঁজ নিয়ে জানতে পারেন অভিযোগকারী মহিলার থেকে জাসমিন খাতুনের নামে ভুয়ো ভাবে ২০২৪ সালে জমি কেনার জাল নথি রয়েছে।
অভিযোগকারীর স্বাক্ষর জাল করে ও অন্য কারোর ছবি ব্যবহার করে সেই জমি কিনেছেন অভিযুক্ত জাসমিন খাতুন। সেখানে সাক্ষী হিসেবে নাম রয়েছে তার স্বামী মহম্মদ জাহিদের। ঘটনার পর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বুধবার জাসমিন খাতুনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে আরো জানা গিয়েছে, একাধিক জমি মামলা রয়েছে অভিযুক্তর স্বামী মহম্মদ জাহিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।
