কেন্দ্রীয় আবাস যোজনার নামে কাটমানি! তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
N
news13s_staff@gmail.comNews13s Verified
May 26, 2026
2 min read
বসিরহাট: কেন্দ্রীয় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন তৃণমূলের কাউন্সিলর। তাই এই তৃণমূলের কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ঠিক এমনটাই দাবি তুলে বসিরহাট মহাকুমা শাসক দফতরে লিখিত অভিযোগ জমা দিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার প্রতারিত উপভোক্তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর কৌশিক দত্ত গত ছয় মাস আগে কেন্দ্রীয় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাত নম্বর ওয়ার্ডের মুন্সেফ বাগান এলাকার বেশ কিছু দরিদ্র মানুষদের কাছ থেকে টাকা নিয়েছেন। ঘর পাইয়ে দেওয়ার নাম করে কারোর কাছ থেকে কুড়ি হাজার, আবার কারোর কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিয়েছেন অভিযুক্ত কাউন্সিলর। এছাড়াও অভিযোগ, বেশকিছু উপভোক্তাদের আবাসের টাকা অ্যাকাউন্টে ঢোকার আগে উপভোক্তার চেক বই ও পাসবই আটকে রেখে আবাসের টাকা ব্যাংকের একাউন্ট থেকে জোর করে ভয় দেখিয়ে তুলিয়ে নিয়েছে তৃণমূলের কাউন্সিলর কৌশিক দত্ত। ঘটনার বিবরণ জানিয়ে এলাকার প্রায় ৫০জন প্রতারিত উপভোক্তা বসিরহাট মহকুমা শাসক জসলিন কউর এর কাছে লিখিত অভিযোগ জানান। সোমবার অভিযোগ জানানোর পর মুন্সেফ পাড়া এলাকায় আজ মঙ্গলবার বিক্ষোভ দেখায় প্রতারিত উপভোক্তারা। ঘটনার পর থেকেই পলাতক তৃণমূলের কাউন্সিলর কৌশিক দত্ত। এদিন প্রতারিত উপভোক্তা মিঠু মণ্ডল, রাখি মণ্ডলরা জানান, কাউন্সিলর কৌশিক দত্ত আমাদের আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। অথচ আমাদের ঘর দেয়নি। আমরা মহাকুমা শাসক দফতরে লিখিত অভিযোগ জানিয়েছি। অবিলম্বে তৃণমূলের কাউন্সিলরকে গ্রেফতার করে আমাদের টাকা ফেরানোর ব্যবস্থা করতে হবে।
