হাজরা মোড় ও আলিপুরে উত্তেজনা, মনোনয়ন ঘিরে মুখোমুখি তৃণমূল-বিজেপি
N
news13skolkata@gmail.comNews13s Verified
April 6, 2026
2 min read

নির্বাচনের আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল হাজরা মোড় ও আলিপুর সার্ভে বিল্ডিং এলাকা। বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়ন জমা দেওয়া ঘিরে সোমবার সকাল থেকেই চরম উত্তেজনা তৈরি হয়।
পাপিয়া অধিকারীর অভিযোগ, তাঁর মিছিলকে প্রায় এক ঘণ্টা হাজরা মোড়ে আটকে রাখে পুলিশ, যার ফলে সময়মতো মনোনয়ন জমা দেওয়ায় সমস্যা তৈরি হয়। এই ঘটনায় ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মী-সমর্থকরাও। পুলিশের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়।
অন্যদিকে, পুলিশের দাবি— নিরাপত্তার স্বার্থেই ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং কাউকেই মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি। অতিরিক্ত জমায়েত এড়াতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে আলিপুর সার্ভে বিল্ডিং চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তৃণমূল ও বিজেপি— দুই পক্ষের কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একদিকে ‘জয় শ্রীরাম’, অন্যদিকে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। স্লোগান-পাল্টা স্লোগানে তৈরি হয় উত্তেজনার আবহ।
পাশাপাশি ওইদিন তৃণমূলের একাধিক প্রার্থীও আলিপুরে মনোনয়ন জমা দেন। জমায়েত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বারবার মাইকিং করে এবং ভিড় সরানোর চেষ্টা করে।
সূত্রের খবর, সম্প্রতি অন্য একটি কেন্দ্রে মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনার পর থেকেই আলিপুরে অতিরিক্ত সতর্ক ছিল প্রশাসন। সেই কারণেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবুও দিনভর বিক্ষিপ্ত উত্তেজনার ছবি সামনে আসে।
