সোনা-রুপোর দামে ধাক্কা, ইটিএফ নিয়ে দোটানায় বিনিয়োগকারীরা

N
news13skolkata@gmail.comNews13s Verified
2 min read
সোনা-রুপোর দামে ধাক্কা, ইটিএফ নিয়ে দোটানায় বিনিয়োগকারীরা
পশ্চিম এশিয়ার সংঘাত ঘিরে অনিশ্চয়তার আবহে সাধারণত সোনা-রুপোর দাম বাড়ার কথা থাকলেও, এবার ছবিটা উল্টো। সাম্প্রতিক হিসেব অনুযায়ী, মার্চের শেষভাগ পর্যন্ত সোনা ও রুপোর বাজারে উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে গোল্ড ও সিলভার ইটিএফ-এ বিনিয়োগকারীদের উপর। অনেক ক্ষেত্রেই বিনিয়োগমূল্য ৮% থেকে ১৩% পর্যন্ত কমে যাওয়ায় উদ্বেগ বেড়েছে। বিনিয়োগকারীদের একাংশ ভেবেছিলেন, যুদ্ধ পরিস্থিতির সুযোগে ‘প্রেশাস মেটাল’-এ লগ্নি করে লাভবান হবেন। কিন্তু বাজারের অপ্রত্যাশিত আচরণ তাঁদের হিসেবকে ভুল প্রমাণ করেছে। বিশেষ করে দীর্ঘ সময় পর এমন বড় পতন অনেককেই চমকে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পতনের পেছনে বড় কারণ হল শক্তিশালী ডলার এবং উচ্চ বন্ড ইল্ড। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার কমায়নি, ফলে ডলার শক্তিশালী হয়েছে। এর ফলে সোনা-রুপোর মতো বিকল্প বিনিয়োগে চাপ পড়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর যুদ্ধবিরতির ঘোষণার পর বাজারে কিছুটা ইতিবাচক সাড়া মিলেছে। ফলে গত কয়েক দিনে দাম কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত—যে কোনও সময় আবার অস্থিরতা ফিরে আসতে পারে। এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন—কম দামে ইটিএফ কিনে ‘অ্যাভারেজ’ কমানো উচিত, নাকি বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ভালো? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দীর্ঘমেয়াদে সোনা এখনও নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। অন্যদিকে, রুপোর দাম শিল্পের চাহিদার উপর নির্ভরশীল হওয়ায় তা তুলনামূলক বেশি অস্থির। গত কয়েক বছরে গোল্ড ও সিলভার ইটিএফ ভালো রিটার্ন দিলেও, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি ও সুযোগ—দুটোই সমানভাবে রয়েছে। তাই বিনিয়োগের আগে বাজারের গতিপ্রকৃতি বুঝে, প্রয়োজন অনুযায়ী পোর্টফোলিও পুনর্বিন্যাস করাই বুদ্ধিমানের কাজ বলে মত বিশেষজ্ঞদের।