ইএমআই কেটে বাড়তি টাকা! ব্যাঙ্ক অফ বরোদায় ‘সিস্টেম ত্রুটি’ ঘিরে গ্রাহক ক্ষোভ
N
news13skolkata@gmail.comNews13s Verified
March 26, 2026
2 min read

রাষ্ট্রায়ত্ত Bank of Baroda-তে প্রযুক্তিগত সমস্যার জেরে একাধিক গ্রাহকের ইএমআই বা মাসিক কিস্তি নিয়ে বড় ধরনের বিভ্রাটের অভিযোগ উঠেছে। হঠাৎ করেই নির্ধারিত অঙ্কের চেয়ে বেশি টাকা কেটে নেওয়ায় চাপে পড়েছেন বহু ঋণগ্রহীতা।
অভিযোগ, মার্চের শুরুতে ব্যাঙ্কের সার্ভারে ত্রুটির কারণে কিছু লোন অ্যাকাউন্টে ভুল সুদের হার প্রয়োগ হয়। এর ফলে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়। কলকাতার এক গ্রাহকের দাবি, তাঁর হোম লোন ও টপ-আপ লোন—দুই ক্ষেত্রেই নির্ধারিত সময়ের আগেই এবং বেশি অঙ্কে কিস্তি কেটে নেওয়া হয়েছে। এমনকি কিস্তি দেওয়ার পরেও তাঁকে বকেয়ার মেল পাঠানো হয়েছে এবং রিকভারি এজেন্টদের ফোনও আসছে নিয়মিত।
এই ভুলের প্রভাব পড়েছে ক্রেডিট স্কোরেও। সংশ্লিষ্ট গ্রাহকের ক্ষেত্রে স্কোর ৮০০-এর বেশি থেকে নেমে উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে অভিযোগ। একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন পুনের এক গ্রাহকও। তাঁর অভিযোগ, কিস্তি কেটে নেওয়ার পরেও তাঁকে বড় অঙ্কের বকেয়া দেখানো হয়েছে, অথচ অভিযোগ জানানোর পরেও দীর্ঘদিন কোনও সমাধান মেলেনি।
গ্রাহকদের আরও অভিযোগ, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে সিস্টেম তাঁদের ‘ডিফল্টার’ হিসেবে চিহ্নিত করছে, যা ভবিষ্যতে ঋণ নেওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে।
তবে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মুখপাত্রের দাবি, যত অভিযোগ এসেছে, সেগুলি খতিয়ে দেখে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যার সমাধান করা হয়েছে। পাশাপাশি, গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে যে এই ত্রুটির কারণে তাঁদের ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হবে না এবং ভুল সংশোধনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
