উত্তর থেকে দক্ষিণে তৃণমূলের জোরদার প্রচার অভিযান, ময়দানে মমতা ও অভিষেক
N
news13skolkata@gmail.comNews13s Verified
March 21, 2026
2 min read

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নামছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটের আর মাত্র এক মাস বাকি থাকতেই দলীয় প্রচারকে তীব্র করতে রাজ্যের দুই প্রান্তে নামছেন দলের শীর্ষ নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ মার্চ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা দিয়ে প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে মাটিগাড়া ও ময়নাগুড়িতেও তাঁর সভা করার সম্ভাবনা রয়েছে। এর আগে তিনি নিজের কেন্দ্র ভবানীপুরে একটি কর্মিসভায় অংশ নিয়ে সরাসরি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা এখনও বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যদিও সাম্প্রতিক সময়ে তৃণমূল কিছুটা জমি ফিরে পেয়েছে, তবুও সেই অঞ্চলগুলিতে আরও শক্ত অবস্থান তৈরি করতেই নিজে প্রচারে নামছেন দলনেত্রী।
অন্যদিকে, একই দিন থেকেই দক্ষিণবঙ্গে প্রচারের দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম জনসভা হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। পরদিন তিনি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় সভা করবেন বলে জানা গিয়েছে। দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা করার পাশাপাশি নন্দীগ্রামে একটি কর্মিসভাও করতে পারেন তিনি।
নন্দীগ্রামকে ঘিরে এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। এই কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই জমে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে এই এলাকায় প্রচারে বাড়তি জোর দিচ্ছেন অভিষেক।
এছাড়াও মার্চ মাস জুড়ে উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রে সভা ও রোড শো করার পরিকল্পনা রয়েছে তাঁর। ২৬, ২৮ এবং ৩১ মার্চ উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।
সব মিলিয়ে, রাজ্যের দুই প্রান্তে একযোগে প্রচার চালিয়ে নির্বাচনী লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
